নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিভিন্ন প্রকল্প, দরপত্র ও প্রশাসনিক কর্মকান্ডে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলীকে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে প্রধান কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই প্রশাসনিক পদক্ষেপটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ উল্লেখিত শাহজাহানকে নিয়ে “সম্রাট শাহজাহানের মতই ইইডির শাহজাহান যার ইশারা ছাড়া ইইডিতে কিছুই হয় না” এই শিরোনামে দৈনিক আমাদের কণ্ঠে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে শাহজাহান আলীর বিরুদ্ধে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসনিক ও প্রকল্প ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পর সরকারি ও প্রকৌশল অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকৌশলী মহলেও এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিবেদনের সত্যতা যাচাই করে এরই মধ্যে তাকে ওএসডি করার সরকারি সিদ্ধান্তআসে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রধান কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত মো. শাহজাহান আলীকে একই কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে প্রধান কার্যালয়ে বদলি করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, অপরাধ সংবাদ, জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ