কে এম রাজীব(চট্টগ্রাম):
প্রতিটি নারীর সফলতার পিছনে মা বাবার যেমন দায়িত্ব থাকে তেমনি নিজেরও ইচ্ছা শক্তি প্রবল থাকে। যার ফলে একজন নারী যেতে পারে বহুদূর। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে। তেমনি ভাবে নিজেকে এগিয়ে নিয়ে সফল নারী হিসেবে গড়ে তুলেছেন মাসুকা নাসরিন রাকা। যিনি একাধারে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেল, গায়িকা, মাইম শিল্পী, টিভি উপস্থাপক, আবৃত্তিকার, সাংবাদিক, উদ্যোক্তা ও একজন সফল ব্যবসায়ি। আজ পাঠকের কাছে তুলে ধরবো সফলতা নিয়ে এগিয়ে যাওয়া অভিনেত্রী মাসুকা নাসরিন রাকা’র জানা অজানা গল্প।
পুরো নাম মাসুকা নাসরিন রাকা। ডাক নাম রাকা। রাকা ১৯৭৭ সালে শিশু শিল্পী হিসেবে ” কচি কাঁচার আসর “এর নাটকে অভিনয় করেন যেখানে তিনি “নতুন কুঁড়ি” (১৯৭৯) নৃত্য পরিবেশনার জন্য পুরষ্কার লাভ করেন। বিটিভির অনেক টেলিভিশন অনুষ্ঠানে শিশুশিল্পী, আবৃত্তিকার হিসেবেও উপস্থিত ছিলেন রাকা। তিনি ঘাসফুল খেলাঘর আসরের সদস্য ছিলেন, যার মাধ্যমে তিনি নাটক, গান, আবৃত্তি এবং নৃত্যে অংশগ্রহণ করেছিলেন। কৈশোরে তিনি ঢাকা ইয়্যুথ কয়ার এর সদস্য ছিলেন যার মাধ্যমে তিনি অনেক গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করার সময় একজন থিয়েটার শিল্পী হিসেবে তার যাত্রা শুরু করেন এবং আরামবাগ থিয়েটার গ্রুপের সদস্য ছিলেন রাকা। সাত ঘাটের কানাকড়ি, রাক্ষুসি ,শেষ রক্ষা এবং রূপবান এর প্রধান চরিত্রে বিখ্যাত থিয়েটার নাটকে অভিনয় করেছেন রাকা। তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি অডিটোরিয়ামে একজন মাইম শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন, ডি.ইউ.এম.বি. (১৯৯১ সালে নির্মিত) এবং লোসাউকের সদস্য ছিলেন। এই দলগুলির মাধ্যমে তিনি ১৯৯৩ সালে নরওয়ের অসলোতে লোসাউকের অনুষ্ঠানে এবং ১৯৯৪ সালে নরওয়ের ট্রন্ডহাইমে দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যালে প্রথম মহিলা একক মাইম শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এখানে ডি.ইউ.এম.বি.-এর সাথে একটি দলগত পরিবেশনায় অংশগ্রহণ করেছিলেন মাসুকা নাসরিন রাকা।
অভিনেত্রী রাকা তার আরামবাগ থিয়েটার গ্রুপের মাধ্যমে তার প্রথম নাটকে উপস্থিত হয়েছিলেন। ১৯৯১ সালের ঈদুল ফিতরে বিটিভিতে মুক্তি পায় মমতাজ উদ্দিন আহমেদ পরিচালিত আমরা দুইটি ভাই নাটক, যেখানে তিনি আসাদুজ্জামান নুরের বিপরীতে অভিনয় করেছিলেন। ১৯৯১ সালে বিটিভিতে আহসান হাবীব পরিচালিত কোথাও খোরন নাটকের এর বিশেষ অডিশনের মাধ্যমে প্রধান প্রধান চরিত্রে আত্ম প্রকাশ করেন এবং মনোজ সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন রাকা। ১৯৯৩ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন এবং ৩০টি নাটক, ১০টি প্যাকেজ নাটক, ৪টি ধারাবাহিক ও ২টি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। তার ধারাবাহিক নাটক মাটির মায়া, আপন নিবাস, অুন্দ্র প্রহর এবং তথাপি’র মাধ্যমে পরিচিতি লাভ করেন। নাটকে তার উল্লেখযোগ্য কাজগুলি হল,মন বলে তুমি, ভালোবাসবে না কেন মন, সোনার বলই এবং সেই আমরা। তার দুটি টেলিফিল্ম হল মা এর জন্য সুইজারল্যান্ড (২০০৩) এবং মন পাখি(২০০৬)। এছাড়া মিস বাংলাদেশ ১৯৯৫-এ রানার-আপ চ্যাম্পিয়ন হন, যার মাধ্যমে তিনি টেলিভিশন এবং সিনেমা জুড়ে প্রচুর পরিচিতি অর্জন লাভ করেছিলেন মাসুকা নাসরিন রাকা। তিনি ১৯৯৪ সালে শেখ নেয়ামত আলী পরিচালিত আমি নারী নামে একটি তথ্যচিত্রে অভিনয় করেন। তবে ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে সুন্দরী মিস বাংলাদেশ দিয়ে থিয়েটারে অভিষেক হয়। তিনি ২৫টি ছবিতে অভিনয় করেছেন, তার উল্লেখযোগ্য সিনেমা হলো,সুন্দরী মিস বাংলাদেশ, কুংফু নায়ক, পেশাদার খুনি, ডাইরেক্ট অ্যাকশন, বিদ্রোহী মাস্তান, ওস্তাদের ওস্তাদ, জলন্ত বিশ্বফ্রন, লোহার শিকল এবং ক্যাপ্টেন মারুফ। চলচ্চিত্রে আসার পর, বেশিরভাগ অ্যাকশন ছবিতে অভিনয় করার কারণে তিনি ২০০০ সালে ফাইটার কারাতে প্রশিক্ষণ নেন এবং এতে কবেল্ট অর্জন করেন। শুধু অভিনয় নয় তার আবৃত্তি ক্যারিয়ারও সাফল্য এবং জনপ্রিয়তায় ভরপুর ছিল। তার অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প ছিল কামরুল হাসান মঞ্জুর সাথে দু’জনে মিলে কবিতা যা একুশে বই মেলা (১৯৯৩) এর সেরা বিক্রেতা ছিল। তিনি ১৯৯০-১৯৯২ সাল পর্যন্ত সাপ্তাহিক সময় সংলাপ ম্যাগাজিন, “সাপ্তাহিক দেশ দিশা ম্যাগাজিন এবং দৈনিক বাংলাবাজার পত্রিকা’র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নৃত্যের তালে তালে এবং আতœরক্ষায় মার্শাল আর্ট (২০০৫-২০১০) এ উপস্থিত হন যা বিটিভি, বৈশাখী টিভি এবং মাইটিভিতে প্রচারিত হয়। মডেল এবং প্রথম নাটক ১৯৯২ সালে শুরু করেছিলেন। তিনি বেঙ্গল ফাইন সিরামিকস, আল-আমিন বিস্কুট, জিয়া প্রিন্ট শাড়ি এবং শ্লওয়ালেস চা এর জন্য টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত ছিলেন। তিনি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত “উজ্জলা লিকুইড -এর জন্য একটি পশ্চিমবঙ্গের সহ-প্রযোজনার বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছিলেন। তিনি শুধু অভিনেত্রী নই তিনি একজন সফল উদ্যোক্তা। কক্সবাজারে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট নামের সহ-মালিকাধীন রেস্তোরাঁ এবং স্টোর পরিচালনা করে আসছেন এবং কক্সবাজারের উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালকের দায়িত্বে রয়েছেন। হয়েছেন পরিচালক সমিতির সদস্য এবং আসন্ন প্রকল্প অন্তরে বাহিরে নিয়ে কাজ করছেন মাসুকা নাসরিন রাকা।
ব্যক্তিগত জীবন : মাসুকা নাসরিন রাকা ১৯৭০ সালের ১১ নভেম্বর ঢাকা শহরে জন্ম গ্রহণ করেন। তার পিতা আব্দুল মান্নান মাতা কামরুন্নাহার মন্নান। রাকার পিতা একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন। অর্জন করেছিলেন গণিত ও রসায়নে ডাবল মার্স্টাস ডিগ্রী। ১৯৫৬-১৯৮৬ সাল পর্যন্ত নবকুমার ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন এবং ড. শহীদুল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ১৯৪৭ সালে বাংলাদেশের চাঁদপুরের উত্তর মতলবের একলাছপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বাংলাদেশের স্কুল শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি ও জাতীয় শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। ১৯৮৬ সালের ২৫ সেপ্টেম্বর মেঘনা নদীতে লঞ্চ-নৌকা সংঘর্ষে মারা যান রাকা’র পিতা আব্দুল মান্নান । রাকা’র মাতা কামরুন নাহার মন্নান বেগম পত্রিকা’র একজন লেখিকা, কবি এবং উইলস লিটল ফ্লাওয়ার শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা ছিলেন। তিনি ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মাসুকা নাসরিন রাকা “আজিমপুর গার্লস হাই স্কুল” থেকে মাধ্যমিক শিক্ষা, বেগম বদরুন্নেসা গার্ল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা এবং স্ট্যামর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি স্ট্যামর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম ও মিডিয়ায় ডাবল মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০০১ সালের ২ সেপ্টেম্বর বাংলাদেশ মার্শাল আর্টের জনক, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তদ জাহাঙ্গীর আলমকে গোপনে বিয়ে করলেও ২০০২ সালের ২ সেপ্টেম্বর এক সংর্বধনার মধ্যে দিয়ে মিডিয়ার মাধ্যমে তাদের বিয়ের বিষয়টি ঘোষণা দেন। ত্রিশ বছরের ভালোবাসার বন্ধন আর ২৫ বছর সংসার জীবনে এই দম্পতির তাজ ওয়ার আলম ও রেজ ওয়ার আলম নামের দুই পুত্র সন্তান রয়েছে। চলতি বছরের ২ সেপ্টেম্বর কক্সবাজার কলাতলীস্থ ওস্তাদ জাহাঙ্গীর রির্সোটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালন করলেন ওস্তদ জাহাঙ্গীর আলম ও মিস সুন্দরী বাংলাদেশ মাসুকা নাসরিন রাকা’র যুগলবন্দী জীবনের ২৫ বছর পূর্তি উদযাপন।