স্পোর্টস রিপোর্ট:
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দলের জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয় হিরামান্থ নামের ওই ভারতীয় অ্যানালিস্ট। বিসিবির একটি স‚ত্র জানিয়েছে, ভারতীয় এই অ্যানালিস্টের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। বর্তমানে জাতীয় দলের সঙ্গে সিলেটে অবস্থান করছেন অক্ষয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করার অভিজ্ঞতা আছে এই অ্যানালিস্টের। রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করেছেন তিনি। এছাড়া ভারতের বিভিন্ন পর্যায়ের টুর্নামেন্টে কাজের অভিজ্ঞতাও আছে তার। বাংলাদেশে বিদেশি অ্যানালিস্ট হিসেবে সর্বশেষ কাজ করেছেন পাকিস্তানের মহসিন শেখ। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এর পর থেকে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের শাওন জাহান। সিলেটে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের। এই সিরিজ শেষ করেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাবে টাইগাররা।