নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আমি জয়ী হলে ঢাকা-২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুমুক্ত করা হবে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনাও হাতে নিয়েছেন। আমরা একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিনে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আরও বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে বোমা ও অস্ত্র মজুদ করা হচ্ছে, এমন অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে, যা গভীর ষড়যন্ত্রের প্রমাণ।
উন্নয়নের কথা তুলে ধরে আমান সংবাদ সম্মেলনে সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসন ও কেরানীগঞ্জের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমাদের সময়েই বাবুবাজার-জিনজিরা সেতু নির্মাণ হয়েছে। বুড়িগঙ্গার ওপর একাধিক সেতু করে কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করা হয়েছে। তিনি জানান, তার আমলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৮টি কলেজ ও ১৫টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমিনবাজার, তেতুলজোড়া ও ভাকুর্তা এলাকাসহ পুরো ঢাকা-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।