মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
একদিনের সফরে আজ দিনাজপুরে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। তাঁর এ সফরকে ঘিরে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রে মন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, সফরকালে মন্ত্রী স্থানীয় উন্নয়ন কর্মকান্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী ও শিশু কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন। পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও সাধারণ মানুষের প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা নেবেন তিনি। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দর পৌঁছে সেখান থেকে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ এর নবাবগঞ্জ উপজেলায় এসেছেন।
নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। সভায় এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের অবস্থা, ভাতাভোগী তালিকার কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর দুপুর ২টায় ঘোড়াঘাট উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। বিকেল ৪টায় হাকিমপুর উপজেলায় একই ধরনের আরেকটি সভায় অংশ নেবেন তিনি। এসব সভায় স্থানীয় জনগণের প্রত্যাশা, নতুন উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে জানা গেছে। বিকেল ৫টায় বিরামপুর উপজেলায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৮টা ২৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম