শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধা ও রংপুর জেলায় র্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮ দশমিক ৪ কেজি গাঁজা। র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পাশে এফ.এস.এম সরকার ম্যানসনের সামনে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানার বাসিন্দা মোঃ মহসীন (৪৪) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর এলাকায় পৃথক অভিযানে একটি ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৮ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ২ জন মাদক ব্যবসায়ী—গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আমজাদ হোসেন (৪০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজিমা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়। র্যাব স‚ত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ