চিকিৎসক ও জনবল সংকটে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর):

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন‍্যান‍্য জনবল সংকটে চিকিৎসা সেবা চরমভাবে ব‍্যাহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। যোগাযোগ ব‍্যবস্থার সুবিধার কারণে বিরামপুরসহ আশেপাশের কয়েকটি উপজেলার রোগীরা প্রতিদিন চিকিৎসা নিতে আসে সরকারি এ হাসপাতালটিতে।

৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার, কনসালটেন্ট ও সহকারী সার্জন মিলিয়ে ২৫ জন চিকিৎসকের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাইরে মাত্র দুই জন চিকিৎসক দিয়ে চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের আউটডোর ও ইনডোরে প্রতিদিনই রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা।

গাইনী, মেডিসিন, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, শিশু, চর্ম ও যৌন গুরুত্বপূর্ণ এ বিভাগগুলোতে কোন চিকিৎসক নেই। এনেস্থেসিয়া বিভাগের চিকিৎসক সংযুক্ত রয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নারীদের বিভিন্ন গোপনীয় রোগের চিকিৎসা দেবার জন্য কোন নারী চিকিৎসক নেই। গাইনী ও এনেস্থেসিয়া চিকিৎসক না থাকায় ওটিতে দীর্ঘদিন থেকে বন্ধ আছে গর্ভবতী মায়েদের সীজার অপারেশন। অভিজ্ঞ চিকিৎসক ও সহকারী না থাকায় দীর্ঘদিন বন্ধ আছে সুসজ্জিত অপারেশন থিয়েটার। হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মীর কয়েকটি পদেও রয়েছে শুন‍্যতা। একারণে হাসপাতালে ভর্তি রোগীরা পর্যাপ্ত সেবা বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করেন, সামর্থ্যবানরা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করান, কিন্তু গরীব রোগীদের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় প্রায় ৬০ কিলোমিটার দূরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রেফার করা হচ্ছে। এতে বিপাকে পড়ছেন গরীব রোগীরা। আর্থিক সংকটে অনেকে প্রয়োজনীয় রোগের পরীক্ষা ও চিকিৎসা করাতে না পেরে কষ্ট পোহাচ্ছেন। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ঔষুধ না থাকা, অপরিচ্ছন্ন শৌচাগার, নোংরা পরিবেশ, নিম্নমানের খাবার দেবারও অভিযোগ করেছেন কয়েকজন রোগী।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রæত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ না হলে স্বাস্থ্য সেবার মান আরও অবনতির দিকে যাবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘস্থায়ী হতে পারে। বিশেষ করে গাইনী ও শিশু বিভাগে চিকিৎসক নিয়োগ অতীব জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহরিয়ার পারভেজ জানান, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটে দিনরাত রোগীদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিরামপুর উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার প্রায় ছয় শত রোগীকে আউটডোরে এবং ষাট থেকে পয়ষট্টি জন ভর্তি রোগীকে ইনডোরে চিকিৎসা দিতে হয়। এত অল্প সংখ্যক চিকিৎসক ও জনবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের বার বার জানানো হচ্ছে। অতি দ্রæত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল প্রদান করা হবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ