ক্রীড়া ডেস্ক:
যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখানেই শুরু করলেন তাসকিন আহমেদ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩ উইকেট নেওয়া তাসকিন অবশ্য আজ আরো দারুণ পারফরম্যান্স করেছেন। সিলেটে আজ নিয়েছেন ৪ উইকেট।
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৩৬ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস।
সিলেটে প্রথম টি-টোয়েন্টির উইকেট উদযাপনের নেতৃত্বও বাংলাদেশি পেসারই দেন। দলীয় ৩৮ রানে দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড (২৩) ও বিক্রমজিৎ সিংকে (৪) আউট করে। সেখান থেকে তৃতীয় উইকেটে দলের সর্বোচ্চ ২৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন তেজা নিদামানুরু ও স্কট এডওয়ার্ডস।
সেই জুটি ভাঙতে ষষ্ঠ বোলার ব্যবহার করলেন অধিনায়ক লিটন দাস।
তাতে সাফল্য পেয়েছে দল। ২ বছরের বেশি সময় পর একাদশে সুযোগ পাওয়া সাইফ হাসান তুলে নিলেন জোড়া উইকেট। ইনিংসের দশম ওভারে তেজা (২৬) এবং অধিনায়ক এডওয়ার্ডসকে (১২) ফেরালেন পার্ট টাইম অফস্পিনার। তাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো উইকেটও পেয়েছেন তিনি।
আগের ৫ ম্যাচে উইকেটশূন্য ছিলেন এই ব্যাটার।
এতে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় অর্ধেক ওভার শেষে ৪ উইকেটে ৬৮ রান। ফিরতি স্পেলে এসে আবার দুই উইকেট তুলে নেন তাসকিন। ১৬ ও ১৮তম ওভারে ফেরান কাইল ক্লেইন ও নোয়াহ ক্রোয়েসকে। এতে তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারে চতুর্থ উইকেট পেয়েছেন তিনি।
২৮ রান খরচ করেছেন ৩০ বছর বয়সী পেসার। তার জোড়া উইকেটের আগে মুস্তাফিজুর রহমান ফেরান শারিজ আহমেদকে (১৫)।
শেষ পর্যন্ত তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১৩৬ রান করতে পেরেছে নেদারল্যান্ডস। তাতে শেষ দিকে ছোট্ট দুটি ইনিংস খেলে অবদান রেখেছেন অস্টম ও নবম ব্যাটার টিম প্রিঙ্গেল ও আরিয়ান দত্ত। প্রিঙ্গেলের ১৬ রানের বিপরীতে ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান।