মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
উত্তরের জেলা দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবন চরমভাবে ব্যাহত হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকাল ৯টায় দিনের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা জানানো হবে। টানা শীতল বাতাস ও সূর্যের অনুপস্থিতিতে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ৪ জানুয়ারি রাত থেকে দিনাজপুর জেলার উপর দিয়ে একটি মৃদু শৈতপ্রবাহ শুরু হয়, যা পরবর্তীতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ আশপাশের অঞ্চলে বিস্তার লাভ করেছে। চলমান এই শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভের আশঙ্কা রয়েছে। এদিকে, আজ সকাল ৬টায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা রাজশাহী ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তেতুলিয়া ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, এবং শ্রীমঙ্গল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সোমবার সারাদিন দিনাজপুরের আকাশে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। অনেককে ফুটপাতে ও খোলা স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের দাপট আরও বাড়তে পারে।