মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) :
দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক তিনটি বিশেষ অভিযানে আসামীসহ ও আসামীবিহীন বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সকাল ১১টা ২০ মিনিটে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম এলাকা থেকে ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আনিসুর রহমান (৪০) ও মো. মাসুদ পারভেজ (৪৫), উভয়েই বিরল উপজেলার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আনিসুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মো. মাসুদ পারভেজকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২’শটাকা জরিমানা প্রদান করা হয়। সাজা শেষে তাদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে বিজিবির পরমেশ্বরপুর বিওপির টহল দল। অন্যদিকে রাত ৮টায় বিরল উপজেলার বামনগাঁও এলাকায় এনায়েতপুর বিওপির অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট বাজারমূল্য আনুমানিক ৪৬ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদককারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ