দুইযুগ পর রংপুরে আসছেন তারেক রহমান প্রস্তুত কালেক্টরেট ঈদগাহ মাঠ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) :
দীর্ঘ প্রায় দুইযুগ পর রংপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি জুলাই আন্দোলনে প্রথম শহীদ, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। বৃহসম্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, জোরেশোরে চলছে মঞ্চ নির্মাণের কাজ। মাত্র একদিনের ব্যবধানে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করতে সকাল থেকেই মাঠে কাজ করছেন মঞ্চ সজ্জা কমিটির সদস্যরা। মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মাইক স্থাপন করা হচ্ছে। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পুলিশের একাধিক টিম মাঠ পরিদর্শন করেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুর বিভাগের প্রতিটি অঞ্চলে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে। তার মতে, শুক্রবারের জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। দীর্ঘদিন পর তারেক রহমানের রংপুর সফর প্রসঙ্গে দুলু বলেন, এই অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার সেই জাগরণের বহিঃপ্রকাশ ঘটবে। জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রূপ নেবে। রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর বরাবরই বৈষম্যের শিকার এবং উন্নয়নবঞ্চিত। বিএনপির নেতৃত্বে এই বৈষম্য দূর হবে এবং রংপুর উন্নয়নের ধারায় যুক্ত হবে,এটাই আমাদের বিশ্বাস।
তিনি আরও জানান, রংপুর বিভাগের উন্নয়নের দাবিতে তারেক রহমানের কাছে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ভারী শিল্প ও গ্যাস সংযোগ, কৃষিবিদ প্রকল্প বাস্তবায়ন, পর্যটন শিল্প আধুনিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন, প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল গঠন, বহুজাতিক শিল্পকারখানা স্থাপন, সড়কগুলো এশিয়ান হাইওয়েতে উন্নীতকরণ, বন্ধ স্থলবন্দর চালু, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং শহীদ আবু সাঈদের নামে বড় প্রতিষ্ঠান স্থাপন। রংপুর জেলা বিএনপির আহŸায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তারেক রহমান পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছেন। এই সফর বিএনপির প্রার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হবে। সংবাদ সম্মেলনে রংপুর-১ আসনের প্রার্থী মোকাররম হোসেন সুজন,২-মোহাম্মদ আলী সরকার, ৩- সামসুজ্জামান সামু, ৪-এমদাদুল হক ভরসা, ৫- গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ