হারুন-অর-রশিদ বাবু, রংপুর:
শারদীয় দুর্গাপূজা-২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান (বিপিএম, পিপিএম, এনডিসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুফুর সাড়ে ১২টায় রংপুরের তালতলা নবাবগঞ্জ রোডে করুনাময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, “আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির একটি পাঁয়তারা চলছে। আমাদের আইসিটি বিভাগসহ সবগুলো আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়ার এসব বিষয় সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। কোনো পোস্ট বা তথ্য আমাদের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত ঘটনা হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর যদি মিথ্যা তথ্য হয় তবে গুজব ছড়ানো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।”