মোর্শেদ মারুফ :
নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ববর্তী কর্মস্থল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আর্থিক অনিয়মসহ নানা বিতর্কে জড়িয়ে পড়েন। বর্তমানে হাতিয়ায় দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুরে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক ব্যক্তি দাবি করেছেন, সরকারি নথিতে উল্লেখিত অর্থের তুলনায় বাস্তবে কয়েকগুণ বেশি টাকা লেনদেন হয়েছে। এ সংক্রান্ত কিছু নথিপত্র সংশ্লিষ্টদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানা গেছে। এছাড়া তাহিরপুরে দায়িত্ব পালনকালে সরকারি জব্দকৃত কয়লা বিক্রির অনুমতি দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, ভুল আইনি ব্যাখ্যা দেখিয়ে তৎকালীন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে সেই কয়লা বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে এলে প্রশাসনের মধ্যে আলোচনা শুরু হয় এবং পরবর্তীতে সুনামগঞ্জ জেলা প্রশাসন তাকে সেখান থেকে প্রত্যাহার করে। পরবর্তীতে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, নতুন কর্মস্থলেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠছে।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন কাজের আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এক ভুক্তভোগী নারী জানান, একটি প্রশাসনিক কাজের জন্য তিনি তিন লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়নি। অপরদিকে একাধিক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্ক থাকার অভিযোগও উঠেছে ইউএনও আলাউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার কিছু ভিডিও ফুটেজ অনুসন্ধানী প্রতিবেদকদের কাছে সংরক্ষিত রয়েছে, যা যাচাই-বাছাই শেষে শীঘ্রই প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম