ছাব্বির হোসেন(দোহার-নবাবগঞ্জ) :
ঢাকার দোহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের অন্তরা সেলিমা হুদার পক্ষে কম্বল বিতরণের ঘটনায় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । বিতরণের উদ্দেশ্যে রাখা কম্বল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে সংগঠনবিরোধী কর্মকান্ডের দায়ে ফারুক মোল্লাকে দোহার উপজেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আরিতা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, অন্তরা হুদা তার এজেন্ট ফারুক মোল্লার বাড়িতে লোক মারফত কম্বল পাঠিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন।
ফারুক মোল্লা সাংবাদিকদের বলেন, অন্তরা হুদার বাবা নাজমুল হুদার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। সে কারণে কম্বল পাঠানো হয়েছে। আমি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং সারাজীবন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজনকে সতর্ক করে অর্থদন্ড করা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রধান নির্বাচনী সমন্বয়ক আক্কাস আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচারণার সময়ে এ ধরনের বিতরণ ও ত্রাণ কার্যক্রম ভোট প্রভাবিত করার প্রয়াস হিসেবে দেখা যেতে পারে। প্রশাসন ও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সতর্ক থাকছেন। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ