নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার- স্থানীয়দের মাঝে আতঙ্কের ছায়া

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
হারুন-অর-রশিদ বাবু (রংপুর):
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা কানিপাড়া এলাকায় ধানক্ষেত থেকে মাসুদ রানা (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মাসুদ রানা ওই এলাকার মৃত রনজু মিয়ার ছেলে।পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন তিনি। চার দিন ধরে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ছিলেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম ধানক্ষেতে ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পান। তিনি জানান, “ঘাস কাটতে জমিতে ঢুকেই দেখি একজন পড়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারি এটি মাসুদ রানা। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে থানায় খবর দেওয়া হয়।”
খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
নিহতের চাচাতো বোন রুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,মাসুদ চার দিন আগে দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর ফিরে আসেনি। আজ তার লাশ ধানক্ষেতে পাওয়া গেল। আমরা বিশ্বাস করি এটি স্বাভাবিক মৃত্যু নয়; কেউ হয়তো পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এলাকার স্থানীয় আমিনুল ইসলাম বলেন, “এতদিনের নিখোঁজ কিশোরের মরদেহ ধানক্ষেতে পাওয়া পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত সঠিক তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া আমার দেশকে বলেন, “ঘটনার সব দিক আমরা খতিয়ে দেখছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ