মোঃ রবিউল ইসলাম রাব্বি (বরিশাল):
বরিশাল মহানগরীর আমতলার মোড় এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে অন্তরা পরিবহন ও রাজধানী পরিবহনের দুটি বাস তল্লাশি করে ৩৯ বস্তায় প্রায় ৩ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ওই পরিবহন দুটি থামিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়। তল্লাশিতে বস্তাবন্দি বিপুল পরিমাণ জাটকা ইলিশ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মাছগুলো জব্দ করা হয়। পরদিন শনিবার সকাল ১০টার দিকে জব্দকৃত এসব জাটকা ইলিশ বরিশাল নগরীর তিন শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,এ.সি.এম.এম এস. এম. শরিয়াতুল্লাহ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল,অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম, সিএমএম কোর্টের নাজির জনাব মোঃ কামরুল হাসান, সেনাবাহিনীর টি,এম, মেজর জনাব রাসেল,পুলিশ টিমের মোহাম্মদ নাসিম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত কর্মকর্তারা জানান, অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ