মোঃ শাহ্ আলম মন্ডল, (দিনাজপুর)
দেশের সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কারিগাঁও বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৪/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কারিগাঁও গ্রামের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।