বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” প্রতিপাদ্যে এবারে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি’র সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক নূর আলম, মৎস্য খামারি সুজন রানা, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান মাহি প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।