ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রীড়া বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। কমিটি ভেঙে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটির মেয়াদকাল ৩ মাস করা হয়েছে। আমিনুল এহসান জানিয়েছেন, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ই-মেইলে জানিয়ে অ্যাডহক কমিটির নামও পাঠানো হয়েছে। এনএসসি জানিয়েছে, বিসিবির ২০২৫ সালের নির্বাচনে অনেক অনিয়ম খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের স্বাধীন তদন্ত কমিটি। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালা অনুযায়ী, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিসিবি নির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণে অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এরই মধ্যে আইসিসির কাছে ই-মেইল করে এই বিসিবি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য থাকবে অ্যাডহক কমিটি।
১১ সদস্যের অ্যাডহক কমিটি
তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।