ছাইফ খাঁন (গোলাপগঞ্জ):
যুক্তরাজ্যের হান্টিংডনশায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়ন এর কৃতি সন্তান সারিকা মকবুল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে এ বিজয় অর্জন করেন। জানা গেছে, মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মকবুল আহমদের ছোট মেয়ে সারিকা মকবুল নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি শক্তিশালী রিফর্ম ইউকে ও লেবার পার্টির প্রার্থীদের পেছনে ফেলে বিজয়ী হন।
স্থানীয় প্রবাসী ও ভাদেশ্বরবাসীর মধ্যে এ বিজয়ে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁদের মতে, ব্রিটিশ অধ্যুষিত এলাকায় একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর এ ধরনের সাফল্য শুধু ভাদেশ্বর নয়, পুরো সিলেট অঞ্চলের জন্যই গৌরবের বিষয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সারিকা মকবুলকে অভিনন্দন জানিয়ে অনেকে মন্তব্য করেছেন, তাঁর এ অর্জন নতুন প্রজন্মকে নেতৃত্ব ও জনসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। ভাদেশ্বরবাসী আশা করছেন, সারিকা মকবুল তাঁর দায়িত্ব ও সাফল্যের মাধ্যমে দেশ-বিদেশে ভাদেশ্বরের সুনাম আরও সমৃদ্ধ করবেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম