কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন আলোচিত নারী মাদক ব্যবসায়ী জোনাকি বেগম (২৫)। মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাদকসহ ধরা পড়লেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব অফিসের সদস্যরা তাকে আটক করে। আটক জোনাকি ভৈরবের পুকুরপাড় এলাকার মাঈনুদ্দিন মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব টোল প্লাজার কাছে অভিযান চালানো হয়। এসময় ভাড়া করা মোটরবাইকে আসা জোনাকিকে আটক করা হয়। পরে তল্লাশিতে সুকৌশলে লুকানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।