রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের যোগসাজশে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিং বোম (এইচবিবি) প্রকল্পের সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে এইচবিবি সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। অভিযোগ রয়েছে উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করেই ৫ আগস্ট পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের সময় থেকেই প্রত্যেকটি প্রকল্পে অনিয়ম করছে ঠিকাদাররা।
সরেজমিনে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিঠাপুকুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যাদেশ অনুযায়ী ১৩ লাখ টাকা ব্যয়ে বুজরুক তাজপুর গ্রামের মাহফুজের বাড়ি থেকে দক্ষিণ পাশে দোকানিপাড়া পর্যন্ত২৫০ মিটার এইচবিবি সড়ক নির্মাণের কাজ চলছে। গত মঙ্গলবার নির্মাণকাজের উদ্বোধনের দিনে এক নম্বর ইট দিয়ে কাজের উদ্বোধন করে বুধবার থেকে নিম্নমানের পরিত্যক্ত ইট দিয়ে এইচবিবি সড়কের কাজ শুরু করলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। দফায় দফায় স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তীতে আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করবে নাহ এই শর্তে ও স্থানীয় প্রভাবশালী পক্ষকে ম্যানেজ করে পুনরায় কাজ শুরু করেন ঠিকানার দৌলা।বুজরুক তাজপুর এলাকার স্থানীয় শামসুল আলম বকুল জানান, প্রথম দিন ভালো ইট দিয়ে কাজ করছে। আজকে দুই গাড়ি নিম্নমানের ইট নিয়ে আসি কাজ শুরু করলে আমরা কাজ বন্ধ করে দেই। ঠিকাদার বলছে, এই ইট তুলে আবার ফেরত পাঠালে তার লস হবে। তার অজান্তে এটা হয়েছে। এরপরে ভালো ইট দিয়ে কাজ করবে। কোন অনিয়ম করবে নাহ। এই জন্য আমরা কাজ চালু করার অনুমতি দিছি।
মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের ইজিপি টেন্ডারের আওতায় (১১৯২৯২৮) নম্বর টেন্ডারটি ঠিকাদার দৌলা প্রাপ্ত হয়। এই টেন্ডারের প্যাকেজে এইচবিবি সড়ক নির্মাণ,কালভার্ট নির্মাণ, আরসিসি ক্রস ড্রেন নির্মাণসহ পাঁচটি কাজ শুরু করে ঠিকাদার দৌলা। অভিযোগ রয়েছে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিটি কাজেই নিজের ইচ্ছেমতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার দৌলা। আওয়ামীলীগ আমলে নিজেকে আওয়ামী এমপির ঘনিষ্ঠভাজন ও ৫ ই আগস্ট পরবর্তী সময়ে নিজেকে বিএনপি কর্মী পরিচয় দেয়া এই ঠিকাদার অনিয়মের রাজত্ব কায়েম করেছে। এবিষয়ে কথা বলতে অভিযুক্ত ঠিকাদার দৌলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। একই সঙ্গে এইচবিবি সড়ক নির্মাণসহ এই প্রকল্পের আওতাধীন চলমান কাজগুলোতে উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে কোন কর্মকর্তাকেই তদারকি করতে দেখা যায়নি। মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, ঠিকাদার দৌলা নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নিজের খেয়াল খুশিমত কাজ করে। উদ্বোধনের দিনে এইচবিবি সড়ক নির্মাণের কাজে ভালো ইট দেখেছিলাম। আজ এলাকাবাসীর কাছে শুনলাম পরিত্যক্ত ইট ব্যবহার করা হয়েছে। এবিষয়ে খোঁজ খবর নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবো।এবিষয়ে কথা বলতে মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বাদশাহ আলমগীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি ও তার অফিসে গিয়েও দেখা পাওয়া যায়নি। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ