সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) :
ময়মনসিংহ নগরীর কাচারীঘাট বুড়াপীর মাজার এলাকায় আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত জসিম নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।জানা যায়, কয়েকদিন আগে রাতের বেলায় বুড়াপীর মাজারের সামনে এক তরুণী মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে এক যুবক ধাক্কা মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এতে ওই তরুণীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নজরে আসে।এ ঘটনায় তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর গতরাতে আলোচিত ছিনতাইকারী জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।