ময়মনসিংহে শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের শিশুর পা ভাঙার অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ)

ময়মনসিংহ জেলার দাপুনিয়া এলাকায় অবস্থিত ডাঃ হাবিবুর রহমান আইটি স্কুল এন্ড কলেজ–এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ৭ বছরের শিশু ওমরের পা ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি পায়ে ব্যান্ডেজ নিয়ে তীব্র যন্ত্রণা সহ্য করে দিন কাটাচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ জাহাঙ্গীর আলম গত ২ মার্চ (সোমবার) কোতোয়ালী মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্তের প্রভাবের আশঙ্কায় পরিবারটি শুরুতে বিষয়টি প্রকাশ্যে আনতে সাহস পায়নি বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার পর শিশুটির চিকিৎসা সংক্রান্ত হাসপাতালের কাগজপত্র রাস্তা আটকিয়ে ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে শিশুটির পিতাকে মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তাদের।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুলে ঢিল ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে সামনে থাকা শিশুটিকে ধরে একটি ভ্যানগাড়ির ওপর আছড়ে ফেলেন। এতে শিশুটির বাম পা ভেঙে যায় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কর্মস্থলে পাওয়া যায়নি।
শিক্ষাঙ্গনে এমন নির্মম ঘটনার খবরে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহলের দাবি, শিশুর ওপর সহিংসতা, চিকিৎসার কাগজপত্র নষ্ট করা এবং অভিযোগকারী পরিবারকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন