রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথাসহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার মূল রহস্য উদঘাটনে জন্য তদন্ত চলছে। নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিলো। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যাক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।
লাশটি একটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর পড়ে ছিল। নিহতের পরনের জমা রক্তাক্ত ছিল। তার মুখ ও মাথাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।