মোঃ সুমন হোসেন(রিশাল)ঃ
বরিশালে গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি-হুইলারের চাকা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত এলপিজি গ্যাস না পাওয়ায় আয়ের পথে বাধা গ্রস্ত হচ্ছেন চালকরা । ফলে বহু পরিবারের জীবিকা এখন ঝুঁকির মধ্যে।
বরিশাল নগরের সাগরদি এলাকার বাসিন্দা মোঃ হাসান , যিনি ৫ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, জানিয়েছেন, “জমানো টাকা ভেঙে বাজার করতে হচ্ছে। যদি পুরোপুরি গ্যাস না পাই, তাহলে সত্যিই বড় সমস্যা হবে।”
সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেলে দেখা যায়, শহরের সাগরদি রোড এলাকায় এলপিজি ফিলিং স্টেশনে সিএনজিচালিত থ্রি-হুইলারের দীর্ঘ লাইন। চালকরা জানিয়েছেন, গত তিন-চার দিন ধরে গ্যাস মিলছে না পর্যাপ্ত। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রায় ৪০০ টাকা খরচ করে গ্যাস পাওয়া যাচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন, আমদানি কম থাকায় সংকট সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গ্যাস সংকট তীব্র রূপ ধারণ করেছে। অনেকদিন পরে পরে গ্যাস আসে।
বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, যদি কোনো ব্যবসায়ী নিজে সমস্যা তৈরি করে এমন পরিস্থিতি সৃষ্টি করে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হবে পরিস্থিতি যাচাই করার জন্য। যদি দেখা যায় কারসাজি বা অনৈতিক কাজ হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। তথ্য অনুযায়ী, গ্যাস সংকট দীর্ঘস্থায়ী হলে বরিশালের প্রায় ৭০ হাজারের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন, যার মধ্যে প্রধানত থ্রি-হুইলার চালক এবং তাঁদের পরিবার।
চালকরা জানিয়েছেন, এ অবস্থার কারণে দৈনন্দিন জীবিকা কঠিন হয়ে উঠেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরও গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এতে শুধু উপার্জনের ক্ষতি নয়, সময় ও শ্রমের অপচয়ও হচ্ছে। বরিশালের বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন, গ্যাস সংকট দীর্ঘস্থায়ী হলে সামগ্রিক পরিবহন ব্যবস্থা, যাত্রীদের চলাচল এবং নগর জীবিকার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ