আক্তারুল ইসলাম :
সাতক্ষীরায় গরিব, অসহায় ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সকালে তালা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এই উপবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে রঙধনু কর্পোরেশন লিমিটেড। নেদারল্যান্ড থেকে ভার্চুয়ালি (ভিডিও কলে) যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শামীম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন, সিনিয়র শিক্ষক শ্যামল কুমার পাল, সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস, সহকারী শিক্ষক আব্দুল খালেকসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ। বক্তারা জানান, শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করা, মাদকমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়া এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের জন্য শুধু উপবৃত্তিই নয়, সপ্তাহে ১৬ ঘণ্টা পার্ট-টাইম কাজের সুযোগও তৈরি করা হয়েছে, যাতে তারা নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই বহন করতে পারে। বক্তারা আশা প্রকাশ করেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এসব শিক্ষার্থী দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল করবে এবং নিজেদের স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ