অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের দেশের বেশিরভাগ তেল মজুদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস এমনটাই বলছে। প্রতিবেদন অনুসারে, ভেনেজুয়েলার নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দেশের সামরিক সংঘাত এড়াতে ট্রাম্প প্রশাসনকে এই প্রস্তাব দিয়েছেন। সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, প্রস্তাব পেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে প্রস্তাবটি এখনো আলোচনার টেবিলে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার উপকূলে চলমান মার্কিন সামরিক বাহিনী জোড়ো হওয়ায় বিষয়টি মাদুরোর ওপর অতিরিক্ত প্রভাব ফেলবে। গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার বিষয়ে ‘ভবিষ্যৎ পদক্ষেপ’ সম্পর্কে তিনি তার মন স্থির করে ফেলেছেন। তবে তিনি কী স্থির করেছে, বিস্তারিত কিছু জানাননি। এর আগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ভেনেজুয়েলায় তথাকথিত মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার শুরুর ঘোষণা দিয়েছিলেন। ওয়াশিংটনের মতে, ভেনেজুয়েলা মাদক চোরাচালান রোধে যথেষ্ট কাজ করছে না।
নিউ ইয়র্ক টাইমস এর আগে রিপোর্ট করেছিল, ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় ‘গোপন অভিযান’ পরিচালনার জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো বারবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলায় মাদক পাচারকারীদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করতে পারে। তবে ৩১ অক্টোবর ট্রাম্প বলেছিলেন, তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথা ভাবছেন না।