আক্তারুল ইসলাম :
গুন্দরবনের গহীনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের সাথে লড়াই করে এক মৌয়াল আহত অবস্থায় ফিরে আসার খবর পাওয়া গেছে। আহত মৌয়াল বাবলু গাজীকে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়,সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় স‚ত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রবিবার ১০ মে সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়। সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের পিতা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে। আক্রান্ত বাবলু গাজীর স্বজনরা জানান, তার শরীরের কয়েকটা স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা বলেন, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ