আইপিএল নয়, বিপিএলে দেখা যেতে পারে অশ্বিন কে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্পোর্টস ডেস্ক:

গুঞ্জন উঠেছিল চেন্নাই ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে আদতে আইপিএলই ছেড়ে দিলেন এই খ্যাতিমান অলরাউন্ডার। আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়ে বিদায় বলে দিলেন ভারতীয় ক্রিকেটকেই।

আজ বুধবার নিজের এক্স হ্যান্ডলে বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি থেকে অবসরের ঘোষণা দেন অশ্বিন। জানান আইপিএল খেলতে আর দেখা যাবে না তাকে।

২০০৯ সালে আইপিএল অভিষেকের পর ১৬ মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের অন্যতম সেরা এই স্পিনার। ২২১ ম্যাচে আশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

অশ্বিন সর্বশেষ আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গত মৌসুমে তাকে ৯ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছিল চেন্নাই। বিনিময়ে ৯ ম্যাচে ৭ উইকেট নেন অভিজ্ঞ এই স্পিনার। তবে আসন্ন মৌসুমে আর খেলছেন না তিনি।

তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেন, ‘সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ।’

একই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়েছে অশ্বিন আরো লিখেন, ‘দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে, আমাকে এখন পর্যন্ত যা দিয়েছে তার জন্য।

কেন অশ্বিন আইপিএল ছাড়লেন, তা তার বক্তব্যেই স্পষ্ট। আইপিএল থেকে অবসর নিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে চান। এ প্রসঙ্গে তিনি আরো লিখেন- ‘সামনে যে সময়টা পড়ে আছে, সেটা উপভোগ ও সদ্ব্যবহার করতে চাই।’

বলাবাহুল্য ভারতীয় ক্রিকেটে আইপিএল ছাড়া বিদেশের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার নিয়ম নেই। তাই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলে বিভিন্ন লিগে খেলার সুযোগ পাওয়া যায়। সেই সুযোগ কাজে লাগাতে চান আশ্বিন।

সম্প্রতি একই লক্ষ্যে চেতশ্বর পূজারাও ‘সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর’ নিয়েছেন। এর আগে একইভাবে দীনেশ কার্তিক, সুরেশ রায়নারাও একই পথে হেঁটেছেন। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে নিজেদের নাম লিখেছেন।

অর্থাৎ এখন থেকে সবকিছু ঠিক থাকলে বিপিএলেও দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের এই গ্রেটকে। তবে আশ্বিন আসবেন কি আসবেন না, সেটা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আশ্বিন। বিদায়ের আগে তিন সংস্করণ মিলে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নেন তিনি। বনে গেছেন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

ব্যাট হাতেও অবদান একেবারে কম নয়, তিন সংস্করণ মিলিয়ে ৪৩৯৪ রান এবং টেস্টে ৬টি সেঞ্চুরিও আছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ