আশুলিয়ায় লিকেজ থেকে জমা গ্যাসের বিস্ফোরণে ভবনের আংশিক ধস, দগ্ধসহ আহত-৬

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ, সাভারঃ

সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের আংশিক ধসে পড়েছে। এসময়  দগ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল সোয়া সাতটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মান করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজন আশঙ্কাজনক বলেও জানা গেছে।

স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া নিম্ন মানের নির্মান সামগ্রী ও অপরিকল্পিত ভাবে বাড়ি নির্মান করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ভবনটির এক অংশ ধসে পরে ও অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে আগুনে অন্তত ৬ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারা-রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সোয়া সাতটার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে।  শব্দের কারনে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছিলেন। তারা তদন্ত করছেন।

এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন ওর রশিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারনে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোন ঘটনা ঘটে নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ