মোঃ মহি উদ্দীন(ঝিনাইদহ):
দীর্ঘ সাড়ে আট বছর প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।
এদিকে, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার খবর ঝিনাইদহে পৌঁছালে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। জেলা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করছেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে রাজপথের আন্দোলনে ঝিনাইদহ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সু-সংগঠিত হবে। নবনিযুক্ত সভাপতি মো. ইমরান হোসেন জানান, কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমরা রাজপথে সক্রিয় থেকে দেব। দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমরা একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেব।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম