মোঃ দিদার হুসাইন আরিফ নামে এক লেখক ও ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর ও বিদ্রূপাত্মক মন্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি তার ব্যক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম ও টুইটার/এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিভিন্ন লেখায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য উপস্থাপন করেছেন। মামলার বাদী ইউসুপ কাউসার আদালতের কাছে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
১৫ই জুন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩৫ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পিবিআই তদন্ত শাখাকে প্রদান করেন। মামলাটি বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ সালের ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ধারায় দায়ের করা হয়েছে এবং সি.আর.-২১৫/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।
আদালতের একটি সূত্র জানায়, মোঃ দিদার হুসাইন আরিফ তার নামীয় ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নবী-রাসূল এবং ইসলাম ধর্ম নিয়ে আক্রমণাত্মক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
সংবাদ প্রকাশ পর্যন্ত অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার পরবর্তী শুনানি তদন্ত প্রতিবেদন এর ব্যাপারে আগামী ১৬ই জুলাই অনুষ্ঠিত হবে।