কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ঠে মোঃ ইমন মৃধা (২৭) নামে অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মৃধা বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মোঃ মিজান মৃধার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় তার শ্বশুর আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন।
ঘটনার দিন দুপুরে শ্বশুরবাড়ির ঘরে মেলামাইন লাগানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎ স্পৃষ্ঠ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।