কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়তে থাকা প্লাস্টিক দূষণ ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে টেকসই উদ্যোগের ওপর জোর দিয়ে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৫। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে খান প্যালেস হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযানে সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ এখন এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে, যার প্রভাব বাংলাদেশের উপকূলীয় জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পর্যটন শিল্পের জন্য মারাত্মক হুমকি। তারা বলেন, টেকসই প্লাস্টিক ব্যবহার, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের একযোগে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়েই টেকসই পরিবর্তন সম্ভব।
আলোচনা শেষে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা সৈকতের বিভিন্ন অংশ থেকে প্লাস্টিকসহ নানা ধরনের আবর্জনা অপসারণ করেন এবং পর্যটক ও স্থানীয়দের সচেতন করতে প্রচার চালান।স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের এই উদ্যোগ কুয়াকাটায় পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার পথে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।