গাজীপুর সিটিতে হাম রুবেলা টিকা পাবে ১লাখ ৭৬হাজার ১৩১ শিশু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাজীপুর প্রতিনিধি :
হাম-রুবেলা রোগের নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ এপ্রিল হতে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবস ব্যাপী সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মস‚চির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী অর্থাৎ ৫৯ মাস ২৯ দিন বয়সের সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। সোমবার সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার । সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় অঞ্চল-১,২,৩,৪,৬ এর আওতাধীন ৪০টি ওয়ার্ডের নির্ধারিত পাঁচটি স্থায়ী ও ১২৪ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে, ৫ টি মপ-আপ টিমের মাধ্যমে টিকা হতে বাদপড়া শিশুদের খুঁজে বের করে এবং কর্মজীবী নারীদের সন্তানের জন্য বিশেষ ব্যবস্থাপনায় স্যান্ধকালীন টিকাদান টিমের মাধ্যমে উদ্দিষ্ট শিশুদের ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ০৫ টি অঞ্চলে ২৭০৮২ জন শিক্ষার্থী এবং ১৪৯০৪৯ জন কমিউনিটি শিশু সহ সর্বমোট ১লাখ ৭৬হাজার ১৩১ জন শিশুকে উক্ত ক্যাম্পেইনে ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। অবশিষ্ট ০৩ টি অঞ্চল- কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া এলাকায় মোট ৮১৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের ব্যবস্থাপনায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের চিকিৎসক রহমত উল্লাহ জানান, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা একজন আক্রান্ত ব্যক্তি হতে হাঁচি, কাশির মাধ্যমে অন্যান্য সুস্থ্য মানুষকে সংক্রমিত করে। এছাড়া গর্ভবতী নারী গর্ভের প্রথম তিন মাস রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০% ভাগ ক্ষেত্রে গর্ভের শিশু আক্রান্ত হয়ে মিস ক্যারেজ, মৃত সন্তান প্রসব অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে শিশু জন্ম গ্রহণ করে। বর্তমানে সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম রুবেলা থেকে রক্ষা পেতে জনসচেতনতার পাশাপাশি শিশুকে টিকা দেওয়া একান্ত প্রয়োজন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ