নিজস্ব প্রতিবেদক
পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই বিপদ ডেকে আনলেন এক মাদক কারবারি। বরিশালের গৌরনদীতে অভিযান চলাকালীন প্রায় ১০-১২ পিস ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫)। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে পুলিশ জানায়, সানোয়ার হোসেন তাদের হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে রবিবার গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র জানায়, সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে আটক করার পরই আচমকা পকেটে থাকা ইয়াবা ট্যাবলেট মুখে পুরে চিবিয়ে গিলে ফেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে তল্লাশিতে তাঁর কাছ থেকে আরও কিছু ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মুন্সিগঞ্জের বাসিন্দা সানোয়ার দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া থাকতেন এবং মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী বলেন, আটকের পরই সে ইয়াবা গিলে ফেলে। পরে অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বর্তমানে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। সুস্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।