মোঃ রবিউল ইসলাম রাব্বি(বরিশাল):
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ৭৩ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার রাতে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে সম্পৃক্ত মো. সফিউল্লাহ (২৩) কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ২৩ জনের নাম উলেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান।
অভিযোগে বলা হয়, গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে মেডিকেলের মধ্য গেটের সামনে চলমান অনশন কর্মসূচিতে স্টাফরা ‘জয় বাংলা’ দিয়ে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাপাতি, রড, লাঠিসোঁটা ব্যবহার করে অনশনকারীদের ওপর বেধরক মারধর করা হয়। এতে আন্দোলনকারীরা গুরুতর আহত হন এবং মোবাইল, মানিব্যাগ, আইডি কার্ডসহ মূল্যবান মালামাল লুট হয়। পরে আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধা দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার পর আন্দোলনকারীরা গুম-খুনের হুমকির মুখে পড়েন এবং বিভিন্ন মাধ্যমে গুজব ও হয়রানিমূলক প্রচারণা চালানো হয়।
ওসি মিজানুর রহমান জানান, “আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির প্রতিবাদে আন্দোলনকারীরা বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়।