শাহিন চৌধুরী ঃ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে দৈনিক আমাদের কণ্ঠে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরও অভিযুক্ত কর্মকর্তারা বহাল তবিয়তেই থেকে দুর্নীতির কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
কেরানীগঞ্জের জিনজিরায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ কর্মরত একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের তথ্য প্রকাশিত হলেও উর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। অভিযোগ রয়েছে, সমিতির প্রধান কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এসব কর্মকর্তারা প্রকাশ্যেই অবৈধ সুবিধা গ্রহণে লিপ্ত রয়েছেন।
দুর্নীতির চিত্র তুলে ধরে আমাদের কণ্ঠ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় একাধিক সংবাদ। এর মধ্যে উল্লেখযোগ্য শিরোনাম গুলো হল- ৬ সেপ্টেম্বর ২০২৫: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম রফিকুল ইসলামের দুর্নীতিতে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা, ১৪ সেপ্টেম্বর ২০২৫: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–৪ এর ডিজিএম রফিকুল ইসলামের দুর্নীতির খতিয়ান-৩,
২৬ নভেম্বর ২০২৫: ঢাকা পবিস-৪ এর মিজানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, ২৭ নভেম্বর ২০২৫: ঢাকা পবিস-৪ এ মোশারফ হোসেন ও তার গুপ্তচরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম ও ১১ ডিসেম্বর ২০২৫: ঢাকা পবি-৪ এ রফিকুল ইসলাম ও আতাউর রহমানের দুর্নীতির তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ।
সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগ:
অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিককে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে উল্টো দেখে নেওয়ার হুমকি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও নানাভাবে হয়রানির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর চেয়ারম্যান বরাবর (নিকুঞ্জ, জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা-১২১২) লিখিত অভিযোগ দাখিল করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সর্বশেষ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে পুনরায় অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠনের কিংবা তদন্ত কার্যক্রম শুরুর কোনো তথ্য পাওয়া যায়নি।
দায়িত্বশীল মহলের নিষ্ক্রিয়তায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ দুর্নীতির সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। দ্রæত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ