দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলায় এসএসসি পরীক্ষা শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শান্তিপ‚র্ণ পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের মতো রংপুর বিভাগের এই বোর্ডের অধীনেও একযোগে পরীক্ষা শুরু হয়। এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন ৮ জেলার মোট ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। সে হিসেবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৫৬৬ জন। বোর্ড প্রতিষ্ঠার পর এটি ১৮তম এসএসসি পরীক্ষা; ২০০৯ সালে প্রথমবারের মতো এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, ২ হাজার ৮১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১৯০ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৭১ জন (ছাত্র ৫২,৮৩১, ছাত্রী ৪৬,৮৪০) মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন (ছাত্র ৩৮,৫০৪, ছাত্রী ৪১,৭০৪) ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন (ছাত্র ১,৩৫৭, ছাত্রী ৬১৮)।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপ‚র্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে সার্বক্ষণিক পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, পরীক্ষা চলাকালীন তদারকির জন্য শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বাহিনী দায়িত্ব পালন করছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ