মোঃ শাহ্ আলম মন্ডল :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা। অভিযান চলাকালে উপজেলার অ ঙ খ ইটভাটা-এর মালিক আনোয়ার হোসেন এবং গ গ ই ইটভাটা-এর মালিক মোঃ লিয়াকতের মালিকানাধীন দুইটি ফিক্সড চিমনি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ ফিক্সড চিমনি ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ দ‚ষণ রোধে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। জানা গেছে, ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিম সরাসরি এ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম