সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্তানসহ ভুলবশত গাড়ি থেকে নেমে পড়া এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল হোতা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ মোল্লা মিয়া (২৮) নান্দাইল উপজেলার কান্দিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে সুনামগঞ্জ থেকে ভালুকা যাওয়ার পথে ভুলবশত নান্দাইল এলাকায় তিন বছরের সন্তানসহ নেমে পড়েন ওই গৃহবধূ। রাত সাড়ে ১১টার দিকে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে হত্যার ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে গাঙ্গাইল ইউনিয়নের একটি হাওড় এলাকায় নিয়ে ২০ এপ্রিল ভোর পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিকটিম চিকিৎসা নেন। তিনি কাজল নামে এক অভিযুক্তকে শনাক্ত করলে পুলিশ অভিযান শুরু করে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার বসুন্ধরা এলাকা থেকে মোল্লা মিয়াকে গ্রেপ্তার করে। তিনি জানান, গ্রেপ্তারকৃত মোল্লা মিয়া ঘটনার মূল অটোরিকশা চালক। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ