নিজস্ব সংবাদদাতা(পাথরঘাটা):
বরগুনার পাথরঘাটায় মাদক সেবীর দাবী কৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় বিজয় কৃষ্ণ হালদার (৭০) নামের অবসর প্রাপ্ত এক শিক্ষককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত কারার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই শিক্ষকের বসত ঘরের আসবাবপত্রও ভাংচুর করা হয়। গুরতর আহত অবস্থায় শিক্ষককে পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা যায়,অভিযুক্ত মাদক সেবীর নাম মো. ইদ্রিস। সে স্থানীয় কাকচিড়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি। গত ৪ আগস্ট সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের রূপধন বাজারে এই হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষক জানান, তিনি রূপধন মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর নেয়ার পর পল্লী চিকিৎসক হিসাবে রূপধন বাজারে তার নিজ বাসায় চেম্বার করে লোকজনদের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ৩ আগষ্ট রবিবার রাত ১২টার দিকে ইদ্রিস মুন্সী তার কিছু লোকজন নিয়ে বিজয় কৃষ্ণ হালদারের বাসায় আসেন। এবং ইদ্রিসের মা অসুস্থতার কথা বলে শিক্ষককে ইদ্রিস তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ইদ্রিসের কথাবার্তা অসংলগ্ন দেখে গভীর রাতে ইদ্রিসের সাথে তার বাড়িতে যেতে অপারগতা প্রকাশ করেন শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার । এতে ইদ্রিস ক্ষেপে গিয়ে শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেয়। পরে ৪ আগস্ট (সোমবার) সকালে ইদ্রিস ওই শিক্ষকের বাড়িতে এসে তাকে মারধর করে একটি হাত ভেঙ্গে দেয় এবং ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়।
এদিকে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার এর উপর হামলার ঘটনায় ফুঁসে উঠছে এলাকাবাসী। এ ঘটনায় ইদ্রিসের বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকালে রূপধন আমীরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ও দুপুর ১২ টায় পাথরঘাটা গোল চত্বরসহ একাধিক স্থানে মানববন্ধন করেছেন উপজেলার শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরর মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বরগুনা ২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান কাসেমী, হাজী জালাল উদ্দিন সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ মশিউর রহমান , বীর মুক্তিযুদ্ধা মনিমন্ডল,ইউপি সদস্য, আব্দুস ছত্তার মন্টু, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মকবুল হোসেন মিলন প্রমুখ। পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, উল্লেখিত ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।