এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিথী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ডান হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছেন তার আপন চাচা। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিচ্ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিথীর ওপর হামলা চালান তার আপন চাচা। এ সময় হাতুড়ি দিয়ে আঘাত করলে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়ে ভেঙে যায়। আহত অবস্থায় বিথীকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডান হাত ভেঙে যাওয়ায় তার পক্ষে স্বাভাবিকভাবে লিখে পরীক্ষা দেওয়া সম্ভব না হওয়ায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানার পর মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার প্রয়োজনীয় উদ্যোগ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও আকলিমা আক্তার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিশেষ অনুমতির জন্য আবেদন করেন। পরে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারকে শ্রæতিলেখক হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় শ্রুতিলেখকের সহায়তায় অংশ নেয় বিথী। শারীরিক অসুস্থতা থাকা সত্তে¡ও পরীক্ষায় অংশ নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সে ও তার পরিবার। বিথী আক্তার বলেন, প্রথম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর হামলার শিকার হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি মনে করেছিলেন, আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে প্রশাসনের সহযোগিতায় বাকি পরীক্ষাগুলো দিতে পারছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, পরীক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রুতিলেখকের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতেও তাকে সহায়তা করা হবে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ