ময়মনসিংহে শতকোটি টাকার জমি জালিয়াতি তদন্তে নেমেছে দুদক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকায় শতকোটি টাকা মূল্যের সরকারি জমি মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। আদালতের নির্দেশে দলিল স্থগিত করা হয়েছে এবং তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৪ আগস্ট) সকালে দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম সদর সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযান চালায়। দীর্ঘ সময় নথিপত্র পর্যালোচনায় একের পর এক জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, ১৯৬৩ সালে রেবতী মোহন দাস জমিটি আদমজী জুট মিলস লিমিটেডের নামে হস্তন্তর করেন। মিল বন্ধ হওয়ার পর জমিটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়। এরপর ২০২২ সালে নিজেকে রেবতী মোহনের ছেলে পরিচয় দিয়ে রবীন্দ্র মোহন দাস মামলা করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের বিরুদ্ধে। ২০২৪ সালের ৮ মে আদালত সেই মামলা খারিজ করে দেয়। এর আগেই রবীন্দ্র মোহন দাস মিরাশ উদ্দিন সুমন নামে একজনকে আমমোক্তারনামা প্রদান করেন এবং পরে মামলাটি পুনরুজ্জীবিত করে নতুন ছানি মামলা দায়ের করেন।

কিন্তু চলতি বছরের ৬ জুন মামলাটি চলমান থাকা অবস্থায় সরকারি ওই ৮৪ শতক জমি মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। অথচ জমিটির বাজারমূল্য শত কোটি টাকারও বেশি। দলিলে দাতার নাম রবীন্দ্র মোহন দাস থাকলেও তার পক্ষে আদালতের সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মণ স্বাক্ষর করেন। এ নিয়েই দেখা দেয় বিতর্ক। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে আদালত। আদালত দলিল ও ডিক্রি সাময়িক স্থগিত করে। ২৪ আগস্টের আদেশে জানানো হয়, দলিল বাতিলের জন্য ছানি মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং ২৭ এপ্রিলের ডিক্রি ও দলিল কার্যক্রম স্থগিত রাখা হলো।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, আমরা তদন্তে কিছু গাফিলতির প্রমাণ পেয়েছি। বিষয়টি আদালতে বিচারাধীন। ছানি মামলা দায়ের হয়েছে। তাছাড়া দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, গণমাধ্যমে সংবাদ দেখেই আমরা তদন্ত শুরু করি। কয়েকটি দপ্তরের গাফিলতির প্রমাণ পেয়েছি। দলিল ও ডিক্রি বাতিলের জন্য আদালতে চিঠি পাঠানো হয়েছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ