গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। এবার ডাকসু নির্বাচনে তিনি গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসুতে এবার ২৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রদল ভিপি, জিএস, এজিএসসহ ২৭ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্যানেল ঘোষণার সময় তিনি বলেন, এ পদে তন্বীর সম্মানে তাদের সংগঠনের কাউকে রাখা হয়নি। একইসঙ্গে তাকে ছাত্রদলের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন করছি।
জুলাই অভ্যুত্থানে আহত হওয়া শিক্ষার্থী সানজিদা আহমেদ ১৮ আগস্ট (সোমবার) ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন। সানজিদা আহমেদ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ওই বিভাগে স্নাতক সম্মান শ্রেণিতে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন।