ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা করতে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।আগামী ১০ সেপ্টেম্বর খসড়া প্রকাশের দিন ধরে নিয়ে কাজ এগিয়ে নিতে তাদের বলা হয়েছে।
স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২০ অক্টোবরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করার পরিকল্পনাও করছে কমিশন। সেটিও কর্মকর্তাদের জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করে এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণ ও দাবি/আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পতির শেষ তারিখ ১২ অক্টোবর। এছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।