রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ
রবিবার বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কবি মান্না রায়হানের জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়েছে। এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয়।সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আফিফান নজরুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কবি মান্না রায়হানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তার কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে দেওয়া হয় এবং ফুলের স্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার আগে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন ভিক্টোরিয়া হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আল আমিন।
জানাজা নামাজের আগে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মনি,আব্দুল মজিদ,প্রাক্তন অধ্যক্ষ আখতারুজ্জামান, ফজলুল মনি মুক্তা,আব্দুল মজিদ,আব্দুস সালাম জগলু রহমান,প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুল হক ও মরহুমের বড় ছেলে অনামিক। এ সময় ছোট ছেলে অমিয় উপস্থিত ছিলেন।রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হয়।
ভিক্টোরিয়া কোয়ার্টার নিবাসী মরহুম মুজিবর রহমানের দ্বিতীয় সন্তান প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মান্না রায়হান রোববার ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহির রাজেউন) মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান, আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক সহকর্মী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানের মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন।