সেলিম শেখ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে লিফলেট বিতরণ করেছে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি লিফলেট বিতরণ করেন।
ক্যান্টনমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও বার্তা তুলে ধরেন তিনি। লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকসহ তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।লিফলেট বিতরনের সময় গাজীপুর-৩ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগনের ভোটাধিকার ফেরাতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, শ্রীপুরের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ ধরনের গণসংযোগের মাধ্যমে জনগণের কাছে দলের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাচ্ছে।