নিজস্ব প্রতিবেদক ঃ
সামাজিক ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও কল্যাণমূলক কর্মকান্ড জোরদার করার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার কেরানীগঞ্জের কোনা খোলা এলাকায় অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সমিতির সদস্য, তাদের পরিবার-পরিজন ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ রেজাউল আহসান বাচ্চু। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব)। এছাড়াও উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ কার্যবর্ষের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যতে সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সমাজকল্যাণমূলক কাজ জোরদার করা, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মিলন মেলার অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিল্পী ও সংগঠনের সদস্যরা দৃষ্টিনন্দন পরিবেশনা উপহার দেন। এছাড়াও শিশু-কিশোর ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। র্যাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ রেজাউল আহসান বাচ্চু উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সমাজের কল্যাণে এই সংগঠন আগামীতেও কাজ করে যাবে। দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সমিতির সদস্য ও অতিথিরা আয়োজকদের সাধুবাদ জানান।